ফরিদগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

 

ফরিদগঞ্জ ব্যুরো
আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিএনপির একাংশের বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. টুটুল পাটওয়ারী গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে টুটুল পাটওয়ারী বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়’ সেই চেতনার থেকে দলের দুর্দিনে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। একই সাথে দলের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে, ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য আমি এবং আমার অনুসারীদের নির্দেশ দিয়েছি। আমরা গণতন্ত্রের প্রতীক ধানের শীষ জয়ের জন্য মাঠে থাকবো। তবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির ঐক্যকে যারা বিনষ্ট করার পাঁয়তারা করছে এবং তাদের মনগড়া ক্ষমতাসীনদের আর্শিবাদ পুষ্টো সুবিধাভোগিদের নিয়ে ইতিমধ্যে যাদের নিয়ে যে কথিত কমিটি ঘোষণা দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ভিপি জাকির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি শাহআলম মুকুল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন পাওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক হোসেন, বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক পেয়ার আহম্মদ, পৌর মহিলা দলের সভানেত্রী মাহমুদা পারুল, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহির হোসেন প্রমুখ। পরে প্রার্থী নির্বাচন অফিসে গিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
২৯ জানুয়ারি, ২০২১।