নবী নোমান
চমক আর চমক! পুরো উপজেলা আর ফেসবুকে শ্লোগানে ভাইরাল খেলা হবে…… খেলা হবে। বাস্তবেই খেলা হয়ে গিয়েছে ফরিদগঞ্জ উপজেলার আওয়ামী লীগের রাজনীতিতে। অবশেষে সব জল্পনা-কল্পনার ও বিতর্কের অবসান ঘটিয়ে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত তথা নৌকার মাঝির সন্ধান পাওয়া গেল। গত রোববার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই দলের ওয়েবসাইটে তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধিত্ব করা অধিকাংশই ওই ইউনিয়নগুলোর নৌকার কাণ্ডারী হলেন। এছাড়া অন্যরা বর্তমান চেয়ারম্যান।
দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন- বালিথুবা পশ্চিম ইউনিয়নে যুবলীগের সাবেক আহ্বায়ক মো. বাহা উদ্দিন, বালিথুবা পূর্ব ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জি এম হাসান তাবাচ্ছুম, সুবিদপুর পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও পীরের বংশধর মাও. শারাফত উল্ল্যা, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসাইন, গুপ্টি পূর্ব ইউনিয়নে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল গণি বাবুল পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, পাইকপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান খাজা আহমেদ ভূঁইয়ার ছেলে যুবলীগ নেতা আলা উদ্দিন আহমেদ, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে যুবলীগ নেতা মাহমুদুল হাসান মিরাজ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে যুবলীগ নেতা মোরশেদ আলম মুরাদ, রূপসা উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী এবং রূপসা দক্ষিণ ইউনিয়নে সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন।
এদিকে গত অক্টোবর মাস থেকে ফরিদগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শুরু হয় তৃণমূল বর্ধিত সভা। পরে বর্ধিত সভা থেকে প্রাপ্ত দলীয় প্রার্থী তালিকা ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ তাদের তালিকা কেন্দ্রে প্রেরণ করে। এর বাইরে বর্তমান সংসদ সদস্য নিজে আলাদা তালিকা জেলা ও কেন্দ্রে জমা দেন। গত এক সপ্তাহ ধরে এসব তালিকা নিয়ে আলোচনা সমালোচনা হয়। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর স্বাক্ষর জালিয়াতি করে প্রার্থী তালিকা পরিবর্তন বিষয়ে তোলপাড়ের সৃষ্টি হয়।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন এলাকায় যারা নৌকা প্রতীক পেয়েছেন তাদের অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
অপরদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান জনান, জননেত্রী শেখ হাসিনা ও দলীয় মনোয়ন বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
০৭ ডিসেম্বর, ২০২১।
