মোহাম্মদ হাবীব উল্যাহ্
বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে গত দুইদিন ধরে হাজীগঞ্জে টানা বৃষ্টি হচ্ছে। সোমবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী থেমে থেমে মাঝারি ধরনের মুষলধারে বৃষ্টি হয়। আজ মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে।
এর আগে জাওয়াদের প্রভাবে রোববার দিনে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হলেও এদিন রাত থেকে সোমবার দিনব্যাপী থেমে থেমে মুষলধারে মাঝারী বর্ষণ শুরু হয়েছে। আকাশ সার্বক্ষণিক মেঘাচ্ছন্ন থাকায় দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবং বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে অনাকাক্সিক্ষত এই বৃষ্টির ফলে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা।
সড়কে যানবাহন সংকট আর তার সাথে উপজেলার বিভিন্ন স্থানের কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে সকাল-সকাল ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষজন। এছাড়া এই দুই দিন বাজারে আসা ব্যবসায়ীরা দিনভর কাটিয়েছেন বেকার সময়। সন্ধ্যার পরেই অধিকাংশ ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে চলে গেছেন। দিনভর ব্যস্ত সড়ক ছিল একেবারেই ফাঁকা।
০৭ ডিসেম্বর, ২০২১।
