প্রবাসীদের অর্থ ও পরিবারদের নিরাপত্তায় সবার ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন
…….ইউএনও শিউলী হরি

নবী নোমান
গত মঙ্গলবার ফরিদগঞ্জে বৈদেশিক কর্মংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির সহযোগিতায় ঐ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউএনও শিউলী হরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, আমাদের দেশের সাধারণ মানুষ দালাল চক্রের হাতে প্রতারিত হয়ে বিদেশ যায় উপার্জনের জন্য। আর সেখানে গিয়ে কয়েকদিন থেকে খালি হাতে ফিরে এসে তারা অসহায় হয়ে পড়ে। প্রতারণার শিকার হওয়ার মূল কারণ হচ্ছে অজ্ঞতা। তারা কোন কিছু না বুঝে প্রতারক চক্রের কৌশলে পড়ে এবং নানা লোভের আশা দেখিয়ে মানুষদের নিঃস্ব করে ফেলছে। আবার অনেক সময় কোন কাজের দক্ষতা ছাড়া এবং ভাষার ব্যবহার না জেনে বিদেশ পাড়ি জমায় অনেকে। এভাবে নানা কারণে আমাদের দেশের মানুষজন বিদেশ যাওয়ার নামে বিভিন্ন কৌশলে পড়ে সর্বশান্ত হয়ে দেশে ফিরে। তাই সমাজে যারা সচেতন তারা বিদেশগামীরা যেন প্রতারিত না হয় সেজন্য এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, সরাকারের পাশাপাশি প্রবাসীদের উপার্জিত টাকায় দেশের অর্থনীতি আজ অনেকটা সবল। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী জনশক্তিকে আরো কর্মদক্ষ ও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নানা প্রকল্প হাতে নিয়েছে। দেশের বেকার যুব সমাজকে প্রশিক্ষণে মাধ্যমে প্রতিটি উপজেলা থেকে এক হাজার জন দক্ষ কর্মী বিদেশে পাঠিয়ে বেকারত্ব দূরীকরণের জন্য বিশেষ প্রকল্পও হাত নিয়েছেন। একই সাথে প্রবাসীদের মর্যাদা রক্ষা ও তাদের কষ্টার্জিত অর্থ যেন তাদের পরিবার কাজে লাগে সেজন্যও সরকার সজাগ রয়েছে। সুতরাং তাদের অর্থ এবং প্রবাসীদের পরিবারের সার্বিক নিরাপত্তায় আমাদের সবার ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন।
সেমিনারে সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা করেন চাঁদপুর, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আকরাম আলী ও জনশক্তি কর্মসংস্থান ব্যুরো চাঁদপুরের সহকারী পরিচালক ফকরুল আলম।
সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, ইউপি চেয়ারম্যান মো. ইসকান্দার আলী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক মামুনুর রশিদ পাঠান, কামরুজ্জামান, আনিছুর রহমান সুজন, মো. মহিউদ্দিন, মাদ্রাসা শিক্ষক মাও. ইকরাম হোসেন ও প্রধান শিক্ষক আব্দুল লতিফ।
সেমিনারে জানানো হয়, চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী ফরিদগঞ্জ উপজেলার মানুষ।
