
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া নিশিতা আক্তার (১০) কে নিখোঁজের ২ দিনের মাথায় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার সবুজবাগ-বাসাবো এলাকা থেকে সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সোমবার রাতে উদ্ধার হওয়া নিশিতা আক্তারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় গ্রামের নাছির খানের মেয়ে গত রোববার সকাল ৮টার সময় প্রতিদিনের মতো ছেংগারচর পৌরসভার সানশাইন একাডেমি স্কুলে যাওয়া উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে না আসলে বিষয়টি মতলব উত্তর থানায় নিশিতার খালু ছেংগারচর পৌরসভার কেশাইরকান্দি গ্রামের কবির হোসেন গত ১৭ ফেব্রুয়ারি সাধারণ ডায়রি করেন। যার নং ৬৪৭।
থানায় ডায়রিভূক্ত হবার পর থেকেই মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধার সার্বিক দিক-নিদের্শনায় মতলব উত্তর থানার এসআই মোহাম্মদ হেলাল উদ্দিন বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে নিশিতাকে ঢাকার সবুজবাগ-বাসাবো এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত নিশিতাকে পেয়ে মতলব উত্তর থানা এলাকাবাসী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করাসহ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পরিবারবর্গ ও এলাকাবাসী।
