
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে গত বৃহস্পতিবার দুপুরে এক ক্রেতা প্রতি কেজি আলু ১৮ টাকা দরে ক্রয় করে রাতে মূল্য পরিশোধের জন্য ওই দোকানে গিয়ে দেখেন কেজি প্রতি আলু ২০/২২ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ দুপুরে প্রতিকেজি ৩৫ টাকা দরে বিক্রি হলে রাতে তা বেড়ে ৬০ হয় টাকা। মিনিকেট চালের বস্তা ২ হাজার ৭শ’ টাকা থেকে ৩ হাজার ১শ’ পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। গত শুক্রবার সকালেও এই পরিস্থিতি দেখা গেছে। মহামারি করোনাভাইরাস আতংকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যেতে পারে বা দোকানপাট বন্ধ হয়ে যেতে পারে এই গুজবে ফরিদগঞ্জ উপজেলার বাজারগুলোতে নারী-পুরুষদের লাইন ধরে চাল-ডাল তথা দ্রব্যসামগ্রী কিনতে দেখা গেছে।
এদিকে নিত্য প্রয়োজনীয় এসব দ্রব্যসামগ্রীর মূল্য অস্থিতিশীল হয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ফরিদগঞ্জ উপজেলা সদর ও খাজুরিয়া বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনার সময় মূল্য বেশি রাখায় তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার। এসময় তিনি খাজুরিয়া এলাকায় দুটি বিয়ের অনুষ্ঠান আজ নির্ধারিত থাকায় ব্যাপক সমাগম ছাড়া সংক্ষিপ্ত পরিসরে করার নির্দেশ প্রদান করেন।
