রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৯টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১ ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৫ ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, রাত প্রায় ৯টার দিকে একটি দোকানে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম রাত ১০টায় এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে জসিম উদ্দিন, সাইফুল, হুমায়ুনের মুদি দোকান এবং লিটন, কাহারের ইলেক্ট্রিক ও মোবাইল সার্ভিসিং দোকান পুড়ে চাই হয়ে যায়। এতে পুড়ে যাওয়া দোকান মালিকদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।
এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম উপস্থিত থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
আগুন লাগার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ ঘটনাস্থলে ছুটে আসেন।
২৫ মার্চ, ২০২১।
