একই স্থানে ক্রিকেট টুর্নামেন্ট ও ছাত্রলীগের সমাবেশ
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে আওয়ামী লীগের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের জের ধরে গতকাল সোমবার সকালে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও একই স্থানে ডাকা ছাত্রলীগের সমাবেশ করা বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর আগে রোববার রাতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী মঞ্চ ভাঙচুর, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এসময় অন্তত ৭/৮জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাত থেকেই ঘটনাস্থলে অবস্থান করছে। উপজেলার চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সোমবার সকালে চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ আসর এনপিএল প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মদ মজুমদার উপস্থিত থাকার কথা। অপরদিকে একই স্থানে ইউনিয়ন ছাত্রলীগ মতবিনিময় সভা আহ্বান করে।
এর আগে রোববার রাত ৯টার দিকে প্রতিপক্ষের একটি গ্রুপ কলেজ মাঠে নির্মিত খেলার উদ্বোধনী মঞ্চ ভাঙচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নয়াহাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলা ও দোকান-পাট ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, মমিন খান, আওয়ামী লীগ নেতা বিল্লাল ছৈয়াল ও সুমনসহ ৭/৮জন আহত হয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ওসিসহ পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হন। পরিস্থিতি অবনতি হওয়ার আশংকায় উভয় পক্ষকে উপজেলা প্রশাসন ও থানা অনুষ্ঠান করতে নিষেধাজ্ঞা প্রদান কর। গতকাল সোমবার সকালে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে।
এ ব্যাপারে এনপিএলের আয়োজক যুবলীগ নেতা পুতুল সরকার জানান, সোমবার মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার কথা থাকলেও রাতেই তাদের তৈরি করা মঞ্চ ভাঙচুর করা হয়। এসময় আমাদের কর্মীদের উপর হামলা ও দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
অন্যদিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সোহাগ জানায়, সোমবার সকালে আমাদের পূর্ব নির্ধারিত ইউনিয়ন ছাত্রলীগের সমাবেশে ছিল। এতে অতিথি হিসেবে বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান থাকার কথা ছিল। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে একই স্থানে টুর্নামেন্টের উদ্বোধনের ঘোষনা দেয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা অনুষ্ঠান স্থগিত রেখেছি।
চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. শামছুদ্দিন জানান, কোন পক্ষই অনুষ্ঠান আয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নেয়নি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের বাসিন্দা আবু সাহেদ সরকার জানান, ইতোপূর্বে এনপিএল আয়োজনে আমরা অংশীদার ছিলাম। কিন্তু এবছর আয়োজনের ব্যাপারে আমরা কিছুই জানি না। তাছাড়া মাদক বিরোধী টুর্নামেন্টের অনুষ্ঠানে অতিথি হিসেবে একজন মাদকসেবীকে মেনে নেয়া যায় না। রাতে কে বা কারা মঞ্চ ভাঙচুরের ঘটনার পরবর্তীতে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের উপর হামলা চালায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ জানান, রাত থেকে অদ্যাবধি পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। আমাদের নির্দেশে উভয় পক্ষ অনুষ্ঠান বন্ধ রেখেছে।
