নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে রাতের বেলা বিলের জমা পানিতে টেঁটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমান হোসেন (৩৩) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। ইমান হোসেন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের মৃত আবিদ আলীর ছেলে। সে এক সন্তানের জনক। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে পশ্চিম আলোনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন খাল-বিল ও কৃষি জমি পানিতে থৈ-থৈ করছে। পুকুর ও খাল-বিল ভরে যাওয়ায় ফলে বিলের পানিতে এই মৌসুমে মাছ শিকার করে থাকেন অনেকে। এমনিভাবে রাতের বেলা টর্চলাইট জ¦ালিয়ে টেঁটা দিয়ে ইমান হোসেনও মাছ শিকার করতে যায়। কিন্তু বিলের উপর দিয়ে বিদ্যুতের তারে তার টেঁটার সংস্পর্শে সে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, সংবাদ পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।
২৭ আগস্ট, ২০২০।
