ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন কমিটির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে পৌরসভার মাঠে আয়োজিত বিজয় মেলা মঞ্চে পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আলী আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার ও জেলা পরিষদের সদস্য আলী আক্কাস পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালে আমাদের বিজয়ের আগমুহূর্তে যখন দখলদার পাকিস্তানি বাহিনী বুঝতে পারে যে তাদের পরাজয় অনিবার্য, তখন তারা তালিকা করে জাতির বরেণ্য সন্তানদের হত্যার জন্য ঘাতক বাহিনী আলবদর-আলশামসকে লেলিয়ে দেয়। তখন পাকিস্তানি হানাদার বাহিনী স্বদেশের একটি গুষ্টির সহযোগিতায় আমাদের দেশের কর্ণধার বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। সে বছর মার্চ মাসে মুক্তিযুদ্ধের সূচনা মুহূর্তেও তারা অনেক বুদ্ধিজীবীকে হত্যা করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের এটি একটি বিশেষ তাৎপর্যময় দিন। পাকিস্তানি শাসকেরা বাঙালি বুদ্ধিজীবীদের বেছে-বেছে পরিকল্পিতভাবে হত্যা করেছিল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খাঁন, আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

১৫ ডিসেম্বর, ২০২২।