ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা হাফিজ আহম্মদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা হাফিজ আহম্মদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার দেইচর গ্রামে মরহুমের নিজ বাড়িতে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁর কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. বাহার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপদার, ডেপুটি কমান্ডার সারোয়ার আলম ছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকেলে মরহুমের জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা হাফিজ আহম্মদ বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসারত অবস্থায় ঢাকা মিডফোর্ড হাসপাতালে গত ১৮ এপ্রিল ভোর ৫টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

২০ এপ্রিল, ২০২১।