ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও ৬ জন কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব অবশেষে মিটেছে। ফলে পৌরসভার জনপ্রতিনিধিদের মধ্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগের তীর ছোড়াছুড়িসহ নানা দ্বন্দ্ব বন্ধ হলো। মেয়র ও সাবেক প্যানেল মেয়র খলিলের ফোনালাপ এবং অন্য কাউন্সিলদের মধ্যে সংলাপের মধ্যে দিয়ে পৌর জনপ্রতিনিধিদের সমঝোতা হয়। ফলে তাদের এই দ্বন্দ্ব মিটানোর মধ্যে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছে পৌর কর্তৃপক্ষ ও পৌরবাসী।
২৯ এপ্রিল সকালে পৌর মেয়র মাহফুজুল হক কাউন্সিলর খলিলুর রহমানকে কল করে সব বিভেদ ভুলে গিয়ে পৌরবাসীর জন্য কাজ করার জন্য আহ্বান জানান। মেয়রের ফোন পেয়ে কাউন্সিলর খলিলুর রহমান অন্য কাউন্সিলদের সাথে আলোচনা শেষে পৌরসভায় কাউন্সিলর ইসমাইল হোসেনকে নিয়ে উপস্থিত হন। মেয়রের অফিস কক্ষে মেয়র ও কাউন্সিলরদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার পর উভয়ই পৌরবাসীর স্বার্থে সব বিভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করার জন্য একে অপরকে কথা দেন। পরে তারা চলমান ওএমএস কার্ডের জটলা নিরসনের মাধ্যমে একযোগে কাজ করার ঘোষণা দেন।
এ ব্যাপারে কাউন্সিলর খলিলুর রহমান বলেন, আমরা প্রথম থেকেই একসাথে কাজ করার জন্য সর্বদা প্রস্তুত ছিলাম। যেহেতু মেয়র নিজে এবার ফোন দিয়ে বিভেদ ভুলে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন, আমরা সানন্দে রাজি।
মেয়র মাহফুজুল হক বলেন, আজ থেকে পৌরসভার সব কাউন্সিলরকে নিয়ে পৌরবাসীর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য যাত্রা শুরু করেছি। অতীতের সব দ্বন্দ্ব ও বিভেদ ভুলে গিয়ে কাউন্সিলরদের ফোন করে অফিসে আসতে বলি। তারা আমার ডাকে সাড়া দিয়ে এসেছে। আমি এতেই খুশি।
৩০ এপ্রিল, ২০২০।
