ফরিদগঞ্জে লায়ন আল-আমিন ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ শুরু

রুহুল আমিন খান স্বপন
করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারি নানা বিধি-নিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে লায়ন আল-আমিন ফাউন্ডেশের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কয়েক ধাপে অব্যাহত থাকবে এ বিতরণ কার্যক্রম।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রথম ধাপে ফরিদগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়নে প্রায় দেড় হাজার নিম্নআয়ের মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এসব ত্রাণসামগ্রী বাড়ি-বাড়ি পৌঁছে দেয়ার জন্য ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও সদস্যদের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব দেয়া হয়েছে।
ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আবুল কাশেম রিয়াদ বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বাড়ি-বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে।
এ বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আল-আমিন মুঠোফোনে জানান, সবাই যাতে ঘরে থাকেন সেজন্য পৌরসভা ও ১৫টি ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের ঘরে-ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব পালন ও ঘরে থাকার বিষয়ে সরকারিভাবে যে আহ্বান জানানো হয়েছে তা মেনে চলার অনুরোধ জানান লায়ন আল-আমিন।
এদিকে লায়ন আল আমিন ফেসবুকের মাধ্যমে এক ঘোষণায় বলেন, বিশ্বব্যাপী এ মহাসংকটে যারা খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে পারছেন না, যাদের বাবা বেঁচে নেই, কিংবা অসুস্থ, ঘরে ২-৩ ভাই বোন, খাদ্যের অভাবে যাদের পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে এমন পরিবারের সন্ধান পেলে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ওই পরিবারের নাম, ঠিকানা, ফোন নন্বরসহ তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় এ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যে ফরিদগঞ্জে প্রশাসন ও সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়।