নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাসান গাজী (১৩) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মঙ্গলবার (১৫ জুন) ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে ঘটে।
থানায় দায়েরকৃত মামলায় জানা যায়, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মাছ ব্যবসায়ীর দুই বছর বয়সী শিশুকে একই বাড়ির অভিযুক্ত কিশোর হাসান গাজী নিজ বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুকে তার মা খোঁজার এক পর্যায়ে হাসান গাজীর ঘর থেকে দৌঁড়ে বেড়িয়ে আসে। পরে শিশুটিকে কান্নারত দেখে তাকে তার মা জিজ্ঞেস করার পর দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর দেখে তারা পরদিন চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এরপর শিশুটি কিছুটা সুস্থ হলে সোমবার রাতে শিশুটির বাবা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত কিশোর হাসান গাজীকে আটক করে। পরে মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ভিকটিমকে তার পরিবারের লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে পুলিশকে জানান। এরপর শিশুকে নিয়ে পরিবারের লোকজন সোমবার রাতে থানায় হাজির হন। অভিযুক্তও কিশোর। তাই সতর্কতার সাথে মামলা দায়ের করে অভিযুক্তকে আটকের পর মঙ্গলবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
১৬ জুন, ২০২১।
