ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মী নিহত

সজীব খান
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের এক কর্মী নিহত হয়েছেন। নিহত তৃষা কর্মকার (২৫) উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের রবিশ্বর কর্মকারের মেয়ে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তৃষা কর্মকার পল্লী বিদ্যুৎ অফিস থেকে বের হয়ে ফরিদগঞ্জ বাজারের একটি ব্যাংকে যাচ্ছিলেন। অনুআ চত্বরের সামনে অটোবাইকে উঠেন তিনি। এ সময় দ্রুতগামী ইটবাহী পিকআপ পেছন থেকে অটোবাইককে ধাক্কা দেয়। এতে অটোবাইকটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় তৃষাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্লী বিদ্যুৎ সমিতি ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম নুরুল হোসাইন বলেন, তৃষা আমার অফিসের বিলিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ে সোনালী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য অফিস থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে ঘটে যায় দুর্ঘটনা।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অটোবাইক ও পিকআপ আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

২৩ এপ্রিল, ২০২১।