ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় শানজিদা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহ ও পিকআপ ভ্যানটি উদ্বার করেছে থানা পুলিশ। সোমবার (১২ জুলাই) উপজলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শানজিদা আক্তার ওই গ্রামের ছৈয়াল বাড়ির মাসুদ খানের মেয়ে।
স্থানীয়রা জানায়, শানজিদা আক্তার নিজের বাড়ির সামনেই অন্যান্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে সে রাস্তার উপর চলে আসে। এসময় লাকড়ি বোঝাই পিকআপের নিচে চাপা পড়ে শিশুটির মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই শানজিদার মৃত্যু হয়। পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন শিশুটির মরদেহ উদ্ধার ও ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করাসহ মামলা প্রক্রিয়াধীন থাকার কথা নিশ্চিত করেছেন।

১৩ জুলাই, ২০২১।