ফরিদগঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে বিমানবন্দর থেকে আটক

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার প্রধান আসামি মহসিনকে বিদেশে পালিয়ে যাওয়ার মুহূর্তে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসার পর শনিবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শহিদ হোসেন জানান, চলতি বছরের ৩ এপ্রিল উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আপন ভাতিজা আটক মহসিনের ধারালো অস্ত্রের আঘাতে চাচা ফজলুল করিম নিহত হন। এ ঘটনায় পরদিন ৪ এপ্রিল ফজলুল করিমের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে মহসিনকে প্রধান আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে, খুনের ঘটনার পরপরই ঘাতক মহসিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে। কিন্তু চতুর মহসিন দীর্ঘ এই কয়েকমাস বিভিন্ন স্থান বদল করার কারণে তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। অবশেষে শুক্রবার সকালে গোপন সূত্রে ফরিদগঞ্জ থানা পুলিশ সংবাদ পায় যে মহসিন ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পাড়ি দিবে। সংবাদটি পাওয়ার সাথে সাথে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শহিদ হোসেন ফোর্স নিয়ে ঢাকা বিমানবন্দরে হাজির হন এবং বিমানে উঠার কয়েক মিনিট আগে মহসিন গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসার পর শনিবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি মহসিনকে বিদেশে পালিয়ে যাওয়ার পূর্ব মৃহুর্তে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দর এলাকা থেকে গ্রেফতার পরবর্তী চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ সেপ্টেম্বর, ২০২০।