ফরিদগঞ্জে ২৭ হাজার মানুষ বিভিন্ন ভাতার সুবিধা পাচ্ছে

আ. ছোবহান লিটন
চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে আয়তন ও জনসংখ্যার দিকে ফরিদগঞ্জ উপজেলা সবচেয়ে বড়। প্রায় ২০ লাখ লোকের বসবাস এই উপজেলায়। এরমধ্যে ২০১৯-২০ অর্থবছরে উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অফিসের তথ্যমতে সরকারিভাবে ২৬ হাজার ৮শ’ ৬১ জন বিভিন্ন ভাতার সুবিধা পাচ্ছে। এতে প্রতি মাসে সরকারের ব্যয় হচ্ছে ২ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বয়স্ক ভাতা পাচ্ছে ১৫,৩৯৩ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাচ্ছে ৪,৩৮০ জন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পাচ্ছে ৪,৭৩০ জন, হিজড়া ভাতা পাচ্ছে ১২ জন, দলিত হরিজন অনগ্রসর ভাতা পাচ্ছে ৬৫ জন, বেঁদে ভাতা পাচ্ছে ৪৭ জন, মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ৮০৪ জন এবং মাতৃত্ব ও দুগ্ধ ভাতা পাচ্ছে ১,৪৩০ জন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আক্তার জানান, সরকারি ভাতার সম্পূর্ণ বিষয়টি বর্তমানে অনলাইনে পরিচালিত হচ্ছে। কোন প্রকার জাল-জালিয়তি করার সুযোগ নেই। একই ব্যক্তি দুই ধরনের ভাতা গ্রহণ করার কোন সুযোগ নেই। আগে কিছু সমস্যা থাকলেও বর্তমানে অনলাইনে ডাটাবেজের মাধ্যমে করায় জটিলতাগুলো সংশোধন হয়ে যাচ্ছে। সব প্রক্রিয়া চূড়ান্ত করে উপকারভোগীরা নিজেরাই ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যায়।
১৮ নভেম্বর, ২০২০।