
নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে পুলিশ শরীফ (৩৬) নামে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দশ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে। শরীফ উপজেলার দিকদাইর গ্রামের আ. মান্নানের ছেলে। জিআর ৬৯/১৩ মামলায় তাকে দোষীসাব্যস্ত করে গত বছর চাঁদপুরের একটি আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছিল। এছাড়া সে অপর একটি (জিআর ৩০/১৭) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
পুলিশ জানায়, আটক শরীফ একজন পেশাদার চোর। দীর্ঘদিন পলাতক থাকার পর ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বুধবার ভোরে দিকদাইর এলাকা থেকে তাকে আটক করেন। এছাড়া একই এলাকা থেকে পুলিশ আইনের ৩৪ (৬) ধারায় মাসুম বিল্লাহ ও করিম নামে দুইজনকে আটক করে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
