ফরিদগঞ্জে ৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ৪৫০ পিস ইয়াবাসহ আটক


নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল হোসেন (৪০) কে ৪৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গত রোববার রাতে বিল্লালকে উপজেলার পূর্ব লাউতলী গ্রাম থেকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার পর গতকাল সোমবার সকালে তাকে চাঁদপুর আদালতে পাঠায়। এছাড়া অপর একটি জিআর মালার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হেলেনা বেগমকে আটক করেছে পুলিশ।
আটক বিল্লাল হোসেন উপজেলার পূর্ব-দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি বলে পুলিশ জানায়। সে পূর্ব লাউতলী গ্রামের মৃত আবুল বাসার খানের ছেলে।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল ইসলাম বিল্লাল হোসেনকে তার গ্রামের বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়। সে ৮টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ও একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
অপরদিকে, একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হেলেনা বেগমকে এএসআই মোবারক হোসেন আটক করে।