
রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জ উপজেলার পুরানো বিদ্যালয়ের মধ্যে ১৬০নং ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। কিন্তু ৪৮ বছর, বছরের পরে এসেও এখানে শহীদ মিনার নির্মিত হয়নি। ওই বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের উদ্যোগও নেই কারো। অস্থায়ী কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থী ও এলাকাবাসী।
সরেজমিন দেখা গেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় একদিকে যেমন পুরনো ভবন জরাজীর্ণ, অপরদিকে নেই কোনো শহীদ মিনার। এতে করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। উপজেলা প্রশাসন ও কর্তৃপক্ষের সুদৃষ্টি হয়নি এই বিদ্যালয়ের। তবে ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট থাকায় শ্রেণি পাঠদান করাতে ব্যাপক সমস্যা হচ্ছে।
ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার নেই বলে একুশে ফেব্রুয়ারি পালন করতে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হয়। স্থায়ীভাবে এই স্কুলে একটি শহীদ মিনার স্থাপনের দাবি জানায় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ-আলম বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট, শহীদ মিনার স্থাপন, গভীর নলকূপ স্থাপন, পুরাতন ভবন সংস্কার, ওয়াস ব্লক, সীমানা প্রাচীর, আসবাবপত্র ও নানা সমস্যা রয়েছে। তবে বেশি প্রয়োজন পরে বিদ্যালয়ের শহীদ মিনার।
অপরদিকে ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াছিন পাটওয়ারী বলেন, প্রতি বছরেই বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসে চাহিদাপত্র দেয়ার পরও কোন ব্যবস্থা হয়নি। অচিরেই এসব সমস্যা সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য সাংবাদিক শফিকুর রহমান ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান এবং উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন তিনি।
