নুরুন্নবী নোমান
অবশেষে ফরিদগঞ্জের উটতলীতে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। গত সোমবার (৬ জুলাই) একনেকের বৈঠকে উটতলীতে ফরিদগঞ্জ-হাজীগঞ্জ ব্রিজ নির্মাণ প্রকল্প পাস হয়েছে। একনেক সভায় ১শ’ ৭ কোটি টাকা ব্যয়ে ফরিদগঞ্জ-হাজীগঞ্জের ডাকাতিয়া নদীর উপর উটতলী গুদারাঘাটে ৫শ’ ৫০ মিটার ব্রিজ নির্মাণের অনুমোদন করা হয়েছে। ফরিদগঞ্জ ও হাজীগঞ্জের উপজেলার দুই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাদের মাঝে আনন্দের হাসি ফুটে ওঠেছে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ডিও লেটার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ও ফরিদগঞ্জের কৃতী সন্তান, অবসরজনিত ছুটিতে থাকা পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নুরুল আমিনের ঐকান্তিক প্রচেষ্টায় ফরিদগঞ্জের স্বপ্নের উটতলী ব্রিজ প্রকল্প একনেকের সভায় পাস হয়।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার জানান, ফরিদগঞ্জের লতিফগঞ্জ বাজার-উটতলী গুদারঘাট ভায়া মুন্সিরহাট বাজার রাস্তা হয়ে ফরিদগঞ্জ-হাজীগঞ্জ উপজেলার মধ্যেকার ডাকাতিয়া নদীর ওপর উটতলী গুদারাঘাটে উপর ৫শ’ ৫০ মিটার ব্রিজ নির্মাণের জন্য দেড় বছর আগে সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান এমপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেন। ডিও লেটার দেয়ার পর সংসদ অধিবেশনে বেশ কয়েকবার এই ব্রিজ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন।
অপরদিকে হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম ও ফরিদগঞ্জের কৃতী সন্তান অবসরজনিত ছুটিতে থাকা পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নুরুল আমিনও নিজ-নিজ এলাকার সুবিধাভোগী মানুষের প্রাণের দাবি পূরণে এ সংক্রান্ত ফাইল নিয়ে ব্যাপক কাজ করতে থাকেন। তাদের উভয়ের ঐকান্তিক সহযোগিতায় অবশেষে সোমবার সরকারের নিয়মিত একনেক সভায় ফরিদগঞ্জ-হাজীগঞ্জের ডাকাতিয়া নদীর উপর উটতলী গুদারাঘাটে ৫শ’ ৫০ মিটার ব্রিজ নির্মাণে প্রধানমন্ত্রী ১শ’ ৭ কোটি টাকা অনুমোদন দিয়েছেন। ব্রিজের দু’পাড়ে জায়গা অধিগ্রহণ, মূল ব্রিজ, এ্যাপ্রোচ সড়ক নির্মাণে অনুমোদনকৃত ১শ’ ৭ কোটি টাকা ব্যয় ধরা হয়। ২০২০-২০২১ অর্থ বছরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষে ব্রিজ নির্মাণের চূড়ান্ত কাজ শুরু হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন, ফরিদগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ও স্বপ্ন আমাদের ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম ও ফরিদগঞ্জের কৃতী সন্তান অবসরজনিত ছুটিতে থাকা পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নুরুল আমিনের ঐকান্তিক প্রচেষ্টা ও কষ্টের সফলতাই হচ্ছে এই ব্রিজ। একনেক সভায় ব্রিজ নির্মাণে অর্থ চূড়ান্ত অনুমোদন দেয়ায় ফরিদগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আমরা চির কৃতজ্ঞ।
০৮ জুলাই, ২০২০।

