‘৭১ এর পরাজিত শক্তির ধ্বংসাত্মক অপচেষ্টাকে পরাজিত করতে হবে……..অ্যাড. জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দাঁড়িয়ে নিরাবতা পালণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের হাত ধরেই আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর ভাষণ যেমন সাড়ে ৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, তেমনি এখনো বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ৭১’র পরাজিত শক্তির ধ্বংসাত্মক অপচেষ্টাকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি মো. আবদুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম শেখ, জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
০৯ মার্চ, ২০২৩।
