মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জহিরাবাদ ইউনিয়নের চরউমেদ গ্রামে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীর জেঠা মো. নজরুল ইসলাম নজু বাদী হয়ে মতলব উত্তর থানায় উত্যক্তকারী আনোয়ার হোসেন ভোলা (৩০) কে বিবাদী করে মামলা দায়ের করেন। পরে ওই মামলার প্রেক্ষিতে গত ৬ মার্চ রাতে উত্যক্তকারী আনোয়ার হোসেন ভোলাকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।
জানা গেছে, উত্যক্তকারী ও ভিকটিমের বাড়ি একই গ্রামে। ওই ছাত্রী চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। প্রায়ই স্কুলে যেতে আসতে তাকে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলতো এবং কুপ্রস্তাব দিয়ে আসতো আনোয়ার হোসেন ভোলা। এ ঘটনা ওই ছাত্রী তার জেঠা বাদীকে জানালে বিবাদী আনোয়ার হোসেন ভোলা ক্ষিপ্ত হয়ে অসাধু আচরণ করে। পরে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই শিশু ছাত্রী রান্না ঘরে কাজ করার সময় আনোয়ার হোসেন ভোলা এসে তাকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে ও যৌনপীড়ন করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং এই সুযোগে উত্যক্তকারী আনোয়ার হোসেন ভোলা দ্রুত পালিয়ে যায়।
মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, যৌনপীড়নের অভিযোগ হয়েছিল। পরে ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
০৯ মার্চ, ২০২৩।
