ফরিদগঞ্জ পাইকপাড়ায় রাস্তার বেহাল দশা

ধান লাগিয়ে বিক্ষোভ এলাকাবাসীর..

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রাস্তাটিতে একেবারেই চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এর প্রতিবাদ জানাতেই গতকাল মঙ্গলবার রাস্তার জমে থাকা কাদামাটিতে ধান গাছ লাগিয়ে এই অভিনব পদ্ধতিতে পথ অবরোধ করেন ক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বাসিন্দারা। দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছে তখন ফরিদগঞ্জের দায়চারা, ইছাপুরা, রামদাশেরবাগ, চৌমুখা, সাহাপুর এই ৫ গ্রামের মানুষ উন্নয়নের মহাসড়ক থেকে যেন ছিটকে পড়ছে।
ইছাপুরা পাটওয়ারী (চন্দের) বাড়ি থেকে সাহাপুর চৌরাস্তা পর্যন্ত ১ কিলোমিটার কাচা রাস্তার সংস্কার নেই দীর্ঘদিন ধরে। ফলে রাস্তার বড় বড় গর্তগুলো এখন এক একটা বিষফোঁড়া। একটু বৃষ্টি হলেই জমে যায় পানি, হয়ে যায় কর্দমাক্ত ফসলের মাঠের মত। এলাকাবাসীকে এই রাস্তা ধরেই যাতায়াত করতে হয় উপজেলা সদরসহ সর্বত্র।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের কবি রূপসা, জামালপুর, বালিছাটিয়া, নদৌনা, দায়চারা, চৌঁমুখা, ইছাপুরার নাগরিকদের ইউনিয়ন পরিষদে যাওয়ার প্রধান রাস্তা এটিই। কিন্তু বর্তমানে এই রাস্তাটি গাড়ি (রিক্সা, সিএনজি, ইজিবাইক) চলাচলের জন্য সম্পূর্ণভাবে অনুপযোগী। বৃষ্টি হলে কাঁদায় সাধারণ মানুষ পায়ে হেঁটে এই রাস্তা ব্যবহার করতে পারছে না।
গতকাল মঙ্গলবার বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে ইছাপুরা থেকে পাইকপাড়া ইউনিয়ন পরিষদের রাস্তার বিভিন্ন স্থানে ধানের চারা রোপণ করা হয়। ফরিদগঞ্জ উপজেলার মধ্যে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নটি অবহেলিত। ভোটের সময় ভোট, আর পরে তেমন খবর নেওয়ার সময় পায় না জনপ্রতিনিধিরা- অভিযোগ এলাকাবাসীর।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী নূরুল ইসলাম তারেক বলেন, দীর্ঘদিন থেকে দেখে আসছি রাস্তাটি শুধু মাপযোগ হচ্ছে পাকা রাস্তার কোন খবর নাই। রাস্তাটি পাকা হওয়া খুব জরুরি। ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছি। কারণ জনপ্রতিনিধিদের বলে বলে আর বলতে পারছি না।
পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জীবন, শাম্মি, খেলাফত, রহমান জানায় বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না। তারপরও রাস্তা বাদ দিয়ে অন্যের বাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় অন্যের গালাগালিও শুনতে হয়।
রিক্সাচালক বাচ্চু শেখ বলেন, এখনও বর্ষা শুরু হয়নি, তাতেই এই অবস্থা। দেশে অনেক উন্নয়ন হয়েছে হচ্ছে। আশা করি এই রাস্তাটি পাকা করার বিষয়ে সংশ্লিষ্টরা দ্রুত সিদ্ধান্ত নিবেন।
ইছাপুরা গ্রামের ব্যবসায়ী সাদ্দাম হোসেন মিঠুন বলেন, দেশে অনেক উন্নয়ন হয়েছে। ফরিদগঞ্জ অনেক এলাকার রাস্তা পাকা হয়েছে যেগুলো রাস্তায় মানুষ চলাচল করে না। অথচ পাইকপাড়া ইউনিয়ন পরিষদের রাস্তা জনবহুল হওয়া সত্বেও পাকা হচ্ছে না। আমরা চাই রাস্তাটি দ্রুত পাকা হোক, সাধারণ মানুষের দুর্ভোগ কমুক।
নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি বলেন, আমাদের এলাকায় ডজনে ডজনে নেতা থাকার পরও কোন নেতা রাস্তাটির সমস্যা সঠিক জায়গাতে না দেয়ায় পাকা হচ্ছে না। ফলে এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। সামান্য বৃষ্টিতে রাস্তাটি চলাচলে অনুপযোগী হওয়ায় বিশেষ করে মাদ্রাসা, বিদ্যালয়, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পরেন বিপাকে।
স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান এবং এমপি’র কাছে ভুক্তভোগী এলাকাবাসীর আকুল আবেদন, দ্রুত এই রাস্তাটির বাজেট প্রণয়ন করে রাস্তা পাকাকরণ হোক।

১৬ জুন, ২০২০।