দেশদ্রোহীদের সহযোগিতায় পাকিস্তানী বাহিনী সার্চলাইট নামে গণহত্যা চালিয়েছে
………..মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ ব্যুরো
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে পৌরসভার হলরুমে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, একাত্তরের ২৫ মার্চের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। দেশদ্রোহীদের সহযোগিতায় পাকিস্তানী বাহিনী সার্চলাইট নামে যে, ২৫ মার্চ রাতে গণহত্যা চালিয়েছে তা কোনোভাবেই ভুলার মতো নয়। এখনো দেশবিরোধীরা দেশকে ধ্বংসের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা শেখ হাসিনা সরকার সব বাঁধা পেরিয়ে দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছে দিয়েছে। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার মধ্যদিয়েই আমরা একাত্তরের গণহত্যায় জীবনদানকারী প্রতিটি প্রাণের প্রতি জানাতে পারি আমাদের চিরন্তন শ্রদ্ধাঞ্জলি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, কাউন্সিলর জাহিদ হোসেন, সাজ্জাদ হোসেন টিটু, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আ. সামাদ মিন্টু ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাজীব মজুমদার।
আলোচনা শেষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাবিবুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
২৬ মার্চ, ২০২৩।
