ফরিদগঞ্জ পৌর মেয়রের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অব্যাহত

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সব শ্রেণি-পেশার মানুষের ঘরে-ঘরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন মেয়র মো. মাহফুজুল হক। চলমান লকডাউনের কারণে সর্বশেষ গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি পৌর এলাকার ৩নং ওয়ার্ড মিরপুর এলাকার বিভিন্ন ঘরে এই সহযোগিতা পৌঁছে দেন। এসময় তিনি বেশ কয়েকজন হতদরিদ্রকে ইফতারের জন্য নগদ অর্থও প্রদান করেন।
এর আগে তিনি সোমবার ৫নং ওয়ার্ডের বড়ালি এলাকা এবং রোববার ২নং ওয়ার্ডের কেরোয়া এলাকায় এই সহায়তা পৌঁছে দেন।
এসময় মেয়র মাহফুজ বলেন, চলমান দুর্যোগের কারণে ধনী-গরিব সবাই দুরাবস্থার শিকার। হতদরিদ্ররা মুখ ফুটে কিছু বলতে পারলেও নিম্ন-মধ্যবিত্তরা লোকলজ্জ্বায় সাহায্য চাইতে পারছে না। ফলে তারা নিদারুণ কষ্টে রয়েছে। তাই আমি পৌরসভার জন্য বরাদ্দকৃত চাল প্রতিটি ওয়ার্ডে দেয়ার চেষ্টা করছি। হয়তোবা সব মানুষের কাছে এই মুহূর্তে দেয়া সম্ভব হচ্ছে না। তবে যতটুকু বরাদ্দ পেয়েছি তার সবটুকুই প্রতিটি বাড়ির প্রতিটি ঘরে-ঘরে পৌঁছে দিচ্ছি। আশা করছি সরকার পৌরসভার জন্য আরো বরাদ্দ দিবে। তাহলে পুরো পৌরবাসীকেই প্রধানমন্ত্রীর উপহার দিতে সক্ষম হবো।
উপহারসামগ্রী বিতরণকালে পৌরসভার কাউন্সিলর মহসিন তালুকদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর কুসুম বেগম এবং মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত থেকে তাকে সহায়তা করেন।

২৮ এপ্রিল, ২০২০।