রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইলশেপাড়ের ব্যুরো ইনচার্জ নুরুন্নবী নোমান সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। সোমবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলার ভাটিরগাঁ এলাকা থেকে অটোবাইকে ফরিদগঞ্জের কলাবাগান নিজ বাসায় আসার সময় পূর্ব বড়ালী শাহাজান কবিরের বাংলোর সামনে আসলে অপরদিক থেকে দুই কিশোর দ্রুতগতির মোটরসাইকেল চালিয়ে এসে অটো বাইকে ধাক্কা মারে।
এ সময় অটোবাইকে থাকা নুরুন্নবী নোমান রাস্তার পাশে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পায়ের বৃদ্ধাঙ্গুলীসহ কয়েকটি আঙ্গুলে আঘাত লেগে রক্ত বের হতে থাকে।
এ সময় রাস্তায় থাকা কয়েকজন লোক এসে নোমানকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ডাক্তার নুরুন্নবী নোমানের পায়ের দু’টি আঙ্গুলে কয়েকটি সেলাই করেন। উত্তেজিত জনতা মোটর সাইকেলের দু’জনের প্রতি ক্ষিপ্ত হয়ে মারতে গেলে আহত সাংবাদিক নোমানের বাঁধায় তারা মারতে পারেনি।
২২ জুন, ২০২০।
