সভাপতি মামুন পাঠান ও সম্পাদক ফরহাদ
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ জুন) সভায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া দিনের প্রথম অধিবেশনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পর্ব সম্পন্ন হয়। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়্যারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, থানার ওসি আব্দুল মান্নান।
দিনের দ্বিতীয় অধিবেশনে বিদায়ী কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের সঞ্চালনায় শুরু হয় সাধারণ সভার কার্যক্রম। সাধারণ সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের পরবর্তী তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি পদের বিপরীতে দুই জন সভাপতি প্রার্থী ও চারজন সাধারণ সম্পাদক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৫৩ জন। সভাপতি পদে ভোটের ব্যবধানে দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর দর্পণের ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামালকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ পাঠান।
সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয় দৈনিক আনন্দবাজারের ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি নুরুল ইসলাম ফরহাদ। সাধারণ সম্পাদক পদে অপর তিনজন প্রার্থী ছিলেন- দৈনিক চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ ব্যুরো প্রধান প্রবীর চক্রবর্তী, দৈনিক চাঁদপুর প্রবাহের ফরিদগঞ্জ প্রতিনিধি আমান উল্লাহ আমান ও দৈনিক চাঁদপুর বার্তার ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সৈকত।
১৭ জুন, ২০২৩।
