ফরিদগঞ্জ প্রেসক্লাবের ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ

ফরিদগঞ্জ ব্যুরো
অপরূপ বাংলার সৃষ্ট রূপে দৃষ্টি জুড়িয়ে উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জ প্রেসক্লাবের ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ-২০২৩ সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামানের নেতৃত্বে সংবাদকর্মীরা গত ২৫ ফেব্রুয়ারি রাতে গাড়ি বহর নিয়ে প্রথমে রাঙামাটির উদ্দেশে যাত্রা শুরু করে। পরদিন ২৬ ফেব্রুয়ারি সকালে রাঙামাটি সদর উপজেলায় পৌঁছে।
সেখানে স্কয়ার পার্ক হোটেলে অবস্থান করে সবাই সকালের নাস্তাশেষে লঞ্চযোগে শুভলং ঝর্ণা, স্বর্ণ মন্দির, বৌদ্ধ বিহার, আদিবাসী মার্কেট পরিদর্শন করেন। দুপুরে পাহাড়ের উপর নিরিবিলি পরিবেশে স্বর্গছেঁড়া রেস্টুরেন্টে দুপুরের খাবার গ্রহণ করে। পরবর্তীতে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ ও পলওয়েলপার্ক ভ্রমণ শেষে সন্ধ্যায় রিসোর্টে ফিরে আসে। রাঙামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানের আমন্ত্রণে রাতের খাবার গ্রহণ করে সাংবাদিকরা।
পরদিন সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আরণ্যক হলিডে রিসোর্ট পরিদর্শন এবং কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে। পরে বাংলাদেশ নৌ-বাহিনী পরিচালিত কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পট পরিদর্শন করে বান্দরবানের উদ্দেশে যাত্রা করে। বান্দরবানের প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদারের আমন্ত্রণে লাভাডং হিল রিসোর্টে যায় ভ্রমণকারীরা।
পরদিন মঙ্গলবার সকালে নীলাচলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পতেঙ্গা সী-বিচের উদ্দেশে যাত্রা শুরু করে বিকেলে গন্তব্যস্থানে অবস্থান ও বার্মিজ মার্কেট পরিদর্শন শেষে সন্ধ্যায় ফরিদগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে।
আনন্দ ভ্রমণ-২০২৩ ভালোভাবে শেষ করায় সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন ও ভ্রমণ বাস্তবায়ন কমিটি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

০২ মার্চ, ২০২৩।