ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা

২৮ মার্চ ভোট গ্রহণ

ফরিদগঞ্জ ব্যুরো
অবশেষে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে এম খোরশেদ আলম এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ১০ মার্চ মনোনয়ন পত্র সংগ্রহের শেষ তারিখ, ১১ মার্চ জমাদানের শেষ তারিখ, যাচাই-বাছাই ও আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১২মার্চ প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ১৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৯ মার্চ এবং ভোট গ্রহণের তারিখ ২৮ মার্চ শনিবার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, পৌর কাউন্সিলার জাকির হোসেন গাজী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুসলিম বেপারী, সদস্য তসলিম চৌধুরী, সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সদস্য ইয়াছিন মোল্লা, ব্যবসায়ী মিজানুর রহমান, গরিব উল্ল্যা, এ এম এম টুটুল পাটওয়ারী, ফারুক পাটওয়ারী, বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক অহিদুর রহমান পাটওয়ারী ও সদস্য সচিব জহিরুল ইসলাম বাবু।
তফসিল ঘোষণাকালে পৌর সচিব এ কে এম খোরশেদ আলম বলেন, পৌর মেয়র মাহফুজুল হক যে কোন মূল্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য বাজার ব্যবসায়ীদের নির্বাচন করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে আমিসহ নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্যবৃন্দ কাজ করে চলেছি। এখনও যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান করতে সক্ষম হবো বলে মনে করি। তবে বাজারের ব্যবসায়ীরা যদি আমাদেরকে সহায়তা করেন, তবে অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।