ফরিদগঞ্জ সমাজসেবা অফিসের উদ্যোগে সেমিনার

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সরকারি ভাতা সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সরকারের দেয়া সব ভাতা শতভাগ অনলাইন প্রক্রিয়ায় পরিচালনা করার বিষয়ে সুফল-কুফল নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা।
এসময় বক্তারা বলেন, আগে ভাতা নিয়ে উপকারভোগীদের নানা রকম অভিযোগ ছিল। কিন্তু বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কার্যক্রম পরিচালনা করছে তারই অংশ হিসাবে সরকারি সব ভাতা অনলাইন প্রক্রিয়ায় করার উদ্যোগ নেন এবং তা বাস্তবায়ন করে এশিয়া ব্যাংকের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে উপকারভোগীদের হাতে পৌঁছে দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। অনলাইন প্রক্রিয়ায় প্রতিটি ভাতা সঠিকভাবে বিতরণ হচ্ছে। উপজেলার প্রায় ২৭ হাজার লোক সরকারের বিভিন্ন ভাতার সুবিধা পাচ্ছে। এই অনলাইন কার্যক্রমের মাধ্যমে পর্যায়ক্রমে আরো সহজভাবে উপকারভোগীরা ভাতার সুবিধা পাবেন। স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যানগন যে তালিকা দিবেন সেই তালিকাটি সঠিকবাবে যাচাই-বাছাই করে সঠিক প্রাপ্য ব্যক্তিদের তালিকা দিলে তারা ভাতা থেকে বঞ্চিত হবে না। সরকার অনলাইনের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে ভোতা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।
সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহাদাত হোসেনে পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া মো. ফিরোজ, উপজেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সরোয়ার আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, ইউপি চেয়ারম্যান আ. হাই, মো. হারুনুর রশিদ প্রমুখ।
সেমিনারে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২১ জানুয়ারি, ২০২১।