আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের জরাজীর্ণ ভবনের ছাদ খসে কর্মরত নকলনবিশ মারাত্মকভাবে আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সে। তবে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
গত সোমবার অফিসে কর্মরত নকলনবিশ নাছরিন আক্তারসহ কয়েকজন দুপুর ২টার দিকে অফিস ভবনের দ্বিতীয় তলায় খাবার খেতে যান। খাবার শেষ করে বেসিনে হাত দোয়ার সময় হঠাৎ করে তার মাথায় বিকট শব্দে ছাদ খসে পড়ে আহত হয়। তাৎক্ষণিক সাথের লোকজন দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত নাছরিন আক্তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়।
তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ভবনটি দ্রুত পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন ফরিদগঞ্জ দলিল লেখক সমিতি।
এ বিষয়ে সাব রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম বলেন, ভবনটি অনেক পুরাতন, বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা আতংক নিয়ে অফিস চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে কয়েকবারই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
০১ ডিসেম্বর, ২০২১।
