বর্ষীয়ান নেতা অ্যাড. আফজল খানের দাফন সম্পন্ন

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার ১৪ দলের সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. আফজল খানের জানাযা শেষে তার পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) বাদ জোহর কুমিল্লা টাউনহল মাঠে জানাযা শেষে শহরের ঠাকুর পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জানাযা শেষে মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রিয় নেতা কফিনে ফুলেল শুভেচ্ছা জানায়। জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে টাউনহল মাঠে।
এর আগে বেলা ১১ টায় কুমিল্লা জেলা আদালত প্রাঙ্গনে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা অ্যাড. আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, অর্থমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রীসহ অনেকে। তারা প্রয়াত অ্যাড. আফজাল খানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

১৮ নভেম্বর, ২০২১।