হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নড়ে-চড়ে বসেছেন পদ-প্রত্যাশীরা। ইতোমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে যোগাযোগ শুরু করেছেন তারা। নেতা-কর্মীরাও প্রার্থীদের নিয়ে করছেন আলোচনা-সমালোচনা। বিশেষ করে শীর্ষ পদ (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক) পদে কে আসছেন এবং কে হবেন আগামি দিনের নেতা। এ নিয়ে সকাল-সন্ধ্যায় চায়ের দোকানে জমে বেশ উঠেছে আড্ডা।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ, সাবেক যুবলীগ ও ছাত্রলীগের নেতারা রয়েছেন। তবে নেতাকর্মীদের পছন্দের প্রার্থী হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন বাকিলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অমল কান্তি ধর। তাকে হেভিওয়েট প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছেন তারা।
অমল কান্তি ধর, সৃজনশীল, বিচক্ষণ ও একজন সফল ব্যবসায়ী। তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তিনি রাজনীতি শুরু করেন, এরপর যুবলীগ। বর্তমানে তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে দলীয় এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন-২১ ও ৪১ বাস্তবায়নে আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মী হিসেবে কাজ করছেন।
ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত এবং সবার কাছে জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত অমল কান্তি ধর। তিনি সফলভাবে ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। নেতাকর্মী ও সমর্থকরা সংগঠনের সব কার্যক্রমে সন্তুষ্ট।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এবং দৃশ্যমান উন্নয়ন কাজে নিজেকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করতে চান অমল কান্তি ধর। তাই আসন্ন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখে প্রচার-প্রচারণার কাজ চালিয়ে আসছেন।
অমল কান্তি ধর পারিবারিকভাবেই মুক্ত চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি। তিনি ১৯৯৭ সালে বাকিলা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী সময়ে জামায়াত-বিএনপি তথা চার দলীয় জোট সরকারের সময় তার নিজ ইউনিয়নের নেতাকর্মীদের মিথ্যা মামলা ও নির্যাতিত নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন অমল কান্তি ধর। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যক্ষভাবে কাজ করেছেন। বর্তমানেও তিনি আওয়ামী লীগের সব কর্মসূচি বাস্তবায়নে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে কাজ করছেন।
