স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে পরিষদের নাম ভাঙিয়ে জেলেদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে রাজন খা নামে এক প্রতারককে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার জেলেদের চাল বিতরণের কার্ড ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার শফিককে দেওয়া হলে তিনি তার ওয়ার্ডের রাজনকে দায়িত্ব দেয় এই কার্ড জেলেদের মাঝে বিতরণের জন্য এবং তাকে বলে দেওয়া হয় প্রতিকার্ড বাবদ ৫০ টাকা করে জেলেদের কাছ থেকে নেওয়ার জন্য। পরে বিষয়টি গত ১৩ জুন ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল জানতে পেরে প্রতারক রাজন খাকে আটক করে ভুক্তভোগী জেলেদের টাকা তাদের মাঝে ফিরিয়ে দেয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্তমতে মুচলেখা রেখে প্রতারক রাজন খাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে আটক রাজন খা বলেন, আমাদের ওয়ার্ডের শফিক মেম্বার আমাকে কার্ড দিয়ে ৫০ টাকা করে প্রতি জেলে থেকে নেওয়ার জন্য বলেছে। আমি সেই হিসেবে কার্ড দিয়ে জেলেদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়েছি।
ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, আমরা কখনো চাল দেওয়ার নাম করে জেলেদের কাছ থেকে কোনো অর্থ নেইনি। আজ সকালে আমি পরিষদে এসে জানতে পারি ৩নং ওয়ার্ডে জেলেদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরিষদে এসে এক লোক আমাকে জানায়, তিনি নিজেই কার্ড দিয়ে জেলেদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়েছে। তখনই আমি তাকে গ্রাম পুলিশ দিয়ে আটক করি এবং বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। পরে আটক ব্যক্তি জানায় ৩নং ওয়ার্ডের শফিক মেম্বার তাকে কার্ড দিয়ে টাকা নেওয়ার জন্য বলেছে। পরে পরিষদের সব সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্ত মতে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয় এবং এবং জেলেদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, জেলে কার্ড দিয়ে টাকা উত্তোলেন ঘটনাটি আমি বাগাদী ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে জানতে পেরেছি। আমি চেয়ারম্যানকে বলেছি তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থাগ্রহণ করার জন্য। শফিক মেম্বার এই অনৈতিক কাজের সাথে জড়িত আছে এই বিষয়টি আমি জানতে পারিনি তবে যদি শফিক মেম্বার এই জেলে কার্ড দিয়ে টাকা উত্তলনের ঘটনার সাথে জড়িত থাকে তবে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শফিক মেম্বারের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
১৫ জুন, ২০২১।
