বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, হাজীগঞ্জের সোহাগ বাড়িতে শোকের মাতম

১০ দিনের ব্যবধানে প্রবাসে সড়ক দুর্ঘটনায় উপজেলার ২ জনের মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মো. সোহাগ সরকার (৩৫) নামের এক যুবক বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই খবরে তাঁর গ্রামের বাড়িতে চলছে মাতম। তাঁর মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই গ্রামবাসী ও আত্মীয়-স্বজনেরা বাড়িতে আসতে শুরু করেন।
বাংলাদেশ সময় গত সোমবার দিবাগত রাতে বাহরাইন সিটিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানান, তার গ্রামের প্রতিবেশী ও প্রবাসী মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু।
নিহত সোহাগ সরকার ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দেশগাঁও গ্রামের সরকার বাড়ির জুনাব আলীর ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে তিনি মেঝ ছিলেন। তাঁর স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ও পারিবারিক স্বচ্ছলতার আশায় সে দুই বছর আগে বাহরাইন গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই সোহাগের মৃত্যুর খবর সহকর্মীদের মাধ্যমে জানতে পারে তার পরিবারের সদস্যরা। এলাকাবাসী জানান, সোহাগকে অকাল হারিয়েছেন তারা। তাই শেষবারের মতো যেন তাকে দেখতে পায়। এজন্য সোহাগের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।
এদিকে মাত্র ১০ দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের দুই যুবক প্রবাসে মৃত্যুবরণ করেন। গত ১৫ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মারা যান মো. মহিন উদ্দিন (২৪) নামের অপর এক প্রবাসী। তিনি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আস্কর বাড়ির সফি উল্যার ছেলে।
২৫ আগস্ট, ২০২১।