
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় বিউটিশিয়ান তানজিনা বেগমকে হত্যার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার সকালে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলাটি করেন তানজিনার বাবা মুনাফ মুন্সী।
তানজিনার বাবা মুনাফ মুন্সী জানান, ৪ বছর আগে তানজিনার সঙ্গে চাঁদপুর সদরের তরপুরচন্ডী ইউনিয়নের তেতুলতলার মো. নুরু খানের ছেলে জুয়েল খানের বিয়ে হয়। বিয়ের পর থেকে জুয়েল যৌতুকের জন্য তানজিনাকে প্রতিনিয়তই মারধর করতো। ফলে জুয়েল ও তার বাবার বিরুদ্ধে চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। ওই মামলায় জুয়েল খান ও তার বাবা চাঁদপুর জেলহাজতে ছিলেন। দুই মাস আগে তারা জামিনে বেরিয়ে আসেন। জামিনে বের হওয়ার পর জুয়েল আদালতের মাধ্যমে তানজিনাকে দ্বিতীয়বার বিয়ে করেন। এরপর ওয়ারলেস এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করে তারা।
তিনি আরো জানান, এক সপ্তাহ আগে জুয়েল অন্য এক মেয়েকে গোপনে বিয়ে করে। ওই বিয়ের পর থেকে তানজিনার উপর সে অমানবিক নির্যাতন শুরু করে। এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় তানজিনাকে জুয়েল ও তার পরিবারের লোকজন হত্যা করে মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ বলেন, তানজিনাকে স্বামী জুয়েল প্রায়ই যৌতুকের টাকার জন্য মারধর করতো। এসব ঘটনায় জুয়েলের বিরুদ্ধে আদালতে একটি যৌতুক ও নির্যাতনের মামলা চলমান রয়েছে। আমরা ধারণা করছি, যৌতুকের মামলাটি তুলে নিতে জুয়েল ক্ষিপ্ত হয়ে স্ত্রী তানজিনাকে গলা টিপে হত্যা করেছে।
তিনি আরো বলেন, তদন্তের স্বার্থে হাসপাতালের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেখান থেকে তানজিনাকে কে বা কারা হাসপাতালে এনেছে জানতে পারবো।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন বলেন, তানজিনাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, তানজিনা হত্যার রহস্য উদঘাটনে প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে আইনীভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরো জানান, শনিবার বিকেলে তানজিনার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। তাকে জেলার ফরিদগঞ্জের বালিথুবা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনার পর থেকে জুয়েলের পরিবার গাঢাকা দিয়েছে বলে জানান তিনি।
১৬ সেপ্টেম্বর, ২০১৯।
