
জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই একাত্তরে বিজয় অর্জিত হয়েছে
…………..আলহাজ ওচমান গনি পাটওয়ারী
স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৪৮ বছর পূর্তি আজ। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মা-বোন ও শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দিনে অর্জিত হয়েছিল লাখো বাঙালির কাঙ্খিত বিজয় অর্জন। বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হয়েছিল বাঙালির স্বাধীকার আন্দোলন। এ আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে ১৯৭১ সালে সংঘটিত হয় ৯ মাসের মুক্তিযুদ্ধ। একাত্তরের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর এদেশের মানুষ প্রস্তুতি নিতে থাকে পাকহানাদার বাহিনীকে মোকাবেলা করার। ২৫ মার্চের কালো রাতে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত নীরিহ বাঙালির উপর হত্যাযজ্ঞ চালায়। তাদের এ নির্মম হত্যাযজ্ঞ ও পৈশাচিক কর্মকান্ড দেখে বিশ্ববাসী হতভম্ব হয়ে পড়ে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বীর বাঙালি পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে ১৬ ডিসেম্বর অর্জন করে মহান বিজয়। বাঙালি পায় স্বাধীন জাতিসত্ত্বার পরিচয়, পায় লাল-সবুজের পতাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমরা একাত্তরে বিজয় অর্জন করেছি।
চাঁদপুর জেলা পরিষদের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্লাহ মাস্টার।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর বারের সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মুকবুল হোসেন মিয়াজী, জেলা পরিষদের সদস্য ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য উপম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিব পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান পরান প্রমুখ।
আলোচনা সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে সব শহীদ ও মরহুম মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। এর আগে সকালে চাঁদপুরের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে জেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীসহ কর্মকর্তা-কমর্চারীবৃন্দ।
