বিশ্ব শিক্ষক দিবসে বিএমটিসিএম’র উদ্যোগে শিক্ষক সমাবেশ

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের উদ্যোগে চাঁদপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা কমিটির আয়োজনে শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাও. মো. সালাউদ্দিন চাঁদপুরী।
কেন্দ্রিয় সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আলোচনা পর্বে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও. মহিউদ্দিন জাফরী, চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক মাও. আবু জাফর মোহাম্মদ মোজাম্মেল হোসেন, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ সিফাত উল্লাহ প্রমুখ। মতবিনিময় পর্বে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আলিয়া মাদ্রাসা শিক্ষাকে হেয় প্রতিপন্ন করে শিক্ষার মধ্যে বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে শিক্ষা নীতিমালায় নানা ধরনের বৈষম্যমূলক নীতি প্রণয়ন করা হয়েছে যা আলিয়া মাদ্রাসা ধ্বংশের ষড়যন্ত্রেরই নামান্তর। অবিলম্বে নীতিমালা সংশোধন করে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ।
আলোচনা শেষে নেতৃবৃন্দের সমন্বয়ে হাইকোর্টে রিট পরিচালনা করার জন্য ১৩ সদস্যবিশিষ্ট রীট পরিচালনা কমিটি গঠন করা হয়। কেন্দ্রিয় সেক্রেটারীকে আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক চাঁদপুর জেলা সভাপতিকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয় এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করবার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
কেন্দ্রীয় সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী বলেন, আলিয়া মাদরাসার স্বতন্ত্র স্বকিয়তা ও ধর্মীয় বৈশিষ্ট্য বজায় রেখে আগামী দিনে মাদ্রাসা পরিচালনা করার স্বার্থে যোগ্য আরবী প্রভাষকদেরকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে হবে। অবিলম্বে সুপার ও সহ সুপারদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে নিয়োগ বন্ধ করতে হবে। এছাড়াও নীতিমালায় আলিম মাদরাসার প্রভাষকদের বৈষম্যমূলক নানা নীতি পরিহার করে সহজ এবং যোগ্যতার ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে। অন্যথায় আলিয়া মাদ্রাসা শিক্ষক এবং ছাত্র সমাজ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আগামী দিনে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা সরকারের পাশে থাকবে, আলিয়া মাদ্রাসার নীতিমালা পরিবর্তন করে অনতিবিলম্বে শিক্ষাকে আরো বেগবান করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে।
তিনি জানান, সহসাই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করা হবে এবং হাইকোর্টে নীতিমালা স্থগিতাদেশ চেয়ে রীট করা হবে।
০৬ অক্টোবর, ২০২১।