কচুয়ার খিড্ডায় নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আহসান হাবীব সুমন
কচুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তর করে নতুন করে স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে সমাবেশে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, তেতৈয়া কেন্দ্রের প্রায় ২৯শ’ ভোটারের মধ্যে খিড্ডা গ্রামের প্রায় ১৮শ’ ভোটার। খিড্ডা গ্রামের ভোটাররা প্রায় ৩ কিলোমিটার দূরে তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট প্রদান করতে হয়। ওই কেন্দ্রের বেশিরভাগ ভোটার খিড্ডা গ্রামের বাসিন্দা।
তারা আরো বলেন, ওই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে গেলে তেতৈয়া গ্রামের লোকজন আমাদের মারধর ও মা-বোনদের বিভিন্নভাবে শ্লীলতাহানি করে এবং শারীরিক নির্যাতন করে ভোট কেন্দ্র দখল করে। ফলে গত প্রায় ১৫ বছর ধরে আমরা খিড্ডা গ্রামের লোকজন আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আমরা খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুপারিশ সম্মিলিত আবেদনপত্র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর দাখিল করেছি। আমরা খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এসময় ওই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সহস্রাধিক ভোটার শান্তিপূর্ণ মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন।
০৬ অক্টোবর, ২০২১।