বঙ্গবন্ধু মানুষের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছেন
………………. শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় বঙ্গবন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আয়োজিত বঙ্গবন্ধু উৎসব অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেছেন, বাঙালি জাতি শোষিত, বঞ্চিত ও নির্যাতিত হয়েছেন। বঙ্গবন্ধু জাতির প্রতি এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করার চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু মানুষের মধ্যে দেশপ্রেম, দেশের প্রতি ভালবাসা জাগিয়ে তুলেছেন। দেশের মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছেন। স্বপ্ন দেখিয়েছেন। তাদের মনের মধ্যে সাহস সঞ্চার করেছেন। সবাইকে একত্রিত করে স্বাধীনতা সংগ্রামের জন্য ডাক দিয়েছেন এবং এক সাগর রক্তের বিনিময়ে আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু তার জীবনের শেষ সময় পর্যন্ত এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। সেই মানুষটির জন্মশতবার্ষিকী শুধুমাত্র আনুষ্ঠানিকতাই দিয়ে করা যায় না। যদি সত্যিকার অর্থে তার জন্মশতবার্ষিকী পালন করতে হয়, তাহলে তাকে জানতে এবং বুঝতে হবে। তাঁর জীবনের যেই আদর্শ, তা আমাদের বুকে ধারণ করতে হবে।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কাউছার আহম্মেদ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ মাও. জসিম উদ্দিনসহ শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বঙ্গবন্ধু উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রীদের ১০টি বাক্য শপথ করান শিক্ষামন্ত্রী। এছাড়া বঙ্গবন্ধুর উক্তির বিষয়ে তাৎক্ষণিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
