হাজীগঞ্জে দেয়াল ও ট্রলির মাঝে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মসজিদের দেয়াল ও হ্যান্ড ট্রাক্টরের (ট্রলি) মাঝে চাপা পড়ে পিষ্ট হয়ে হয়ে শ্রাবন্তী রানী দাস (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা একতা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই ইউনিয়নের নাটেহরা গ্রামের মাঝি বাড়ির প্রমোদ চন্দ্র দাসের ছোট মেয়ে। সে নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় শিক্ষক টিটন চন্দ্র ঘোষ জানান, এ দিন সকালে রামচন্দ্রপুর বাজারমুখী বলাখাল-নাটেহরা ব্রিজ থেকে একটি মালবাহী হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) নামার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে একতা বাজারের পাশে মসজিদের দেয়ালে সজোরে ধাক্কা দিয়ে চালক পালিয়ে যায়। এতে দেয়াল ও ট্রলি মাঝে চাপা পড়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় শ্রাবন্তী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথ ঘটনাস্থলে ছুটে এসে শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় কয়েক সহ্রসাধীক উৎসুক জনতার ভিড় জমে। এ সময় নিহত শিশুর বাবা প্রমোদ চন্দ্র দাস ও মা শেপালী রানী দাসসহ নিকট আত্মীয়-স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হলে, প্রশাসন তা মঞ্জুর করে। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।