বুড়িচংয়ে ভারতীয় সীমান্তে সংবাদকর্মীকে গুলি করে হত্যা

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তে মাদক কারবারিদের গুলিতে স্থানীয় এক সংবাদকর্মী নিহত হয়েছে। বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দরাাবাদ সীমান্তে মহিউদ্দিন সরকার নাঈম নামের ওই সংবাদকর্মীকে গুলি করে হত্যা করে মাদক কারবারিরা। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হায়দরাবাদ এলাকার রাব্বি ও রুবেল নামের দুই যুবক জানান, রাত সাড়ে ৯টার দিকে দুজন বিজিবি সদস্য গুরতর আহত অবস্থায় মহিউদ্দিন সরকার নাঈমকে এনে হাসপাতালে নিয়ে যেতে বলে ওই দুই যুবককে। এসময় বিজিবি সদস্যরা জানান, সীমান্তে মারামারিতে আহত হয়েছে মহিউদ্দিন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তারা চলে যায়। পরে ওই দুই যুবক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম মহিউদ্দিন সরকার নাঈমকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে বুড়িচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মাকসুদ জানান, তাকে কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

১৪ এপ্রিল, ২০২২।