হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর গাউছিয়া হাফিজিয়া নূরাণী মাসরাসা ও এতিমখানায় হিফজুল কুরআন, হামদ-নাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল এবং ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালের শুকরিয়া জ্ঞাপন করা হয়।
এদিন মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি দেশসেরা উপস্থাপক ও হাজীগঞ্জের কৃতী সন্তান মো. ইউনুস উল্যাহ্সহ অতিথিবৃন্দ।
মাদরাসা সূত্রে জানা গেছে, হিফজুল কুরআন, হামদ-নাতের ১৫টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারাসহ ৪ ক্যাটাগরিতে ৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২ জন বিজয়ী হয়।
অপরদিকে হামদ-নাত প্রতিযোগিতায় ১৮ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ৬ জন বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মো. হাবিবুর রহমান, হাফেজ মো. মোফাজ্জল হোসেন ছোবহানী ও হাফেজ মো. আবু হানিফ ওয়ায়েসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মোহতামিম হাফেজ মো. কাউছার আহম্মেদ ছোবহানী।
হাফেজ আহম্মেদ কাঞ্চন ও মো. ইউছুফের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটি হোসাইন আহম্মদ, মাদরাসা কমিটির সদস্য মোশারফ হোসেন সেলিম, মমতাজ উদ্দিন মন্টু মেম্বার, কাকৈরতলা জনতা কলেজের প্রভাষক মোজাম্মল হক কাজল প্রমুখ।
বাদ আছর দোয়া ও মোনাজাত এবং ইফতার মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিযোগিতার প্রধান বিচারক। এসময় ওই ইউনিয়নের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
১৭ এপ্রিল, ২০২২।
