বেপরোয়া অটোবাইকের আঘাতে প্রাণ হারালো বিধবা নারী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের নিশি বিল্ডিং রোডে বেপরোয়া অটোবাইকের আঘাতে মাজেদা বেগম (৫০) নামে এক অসহায় বিধবা নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় নিশি রোডের চোকদার বাড়ি মসজিদ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী ওই এলাকার মৃত তকদীর হোসেন বেপারীর স্ত্রী।
এদিকে দুর্ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে বেরিকেড দিয়ে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাজেদা বেগম তার বাড়ি থেকে রাস্তার অপর পাশে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় হঠাৎ চাঁদপুর লঞ্চঘাট থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি অটোবাইক তার গায়ের উপর উঠিয়ে দেয়। এতে মাজেদা বেগম সড়কের পাশে ছিটকে পড়েন। আঘাতে তার মাথার মগজ বেরিয়ে পড়ে এবং শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনা ও সড়ক অবরোধের খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই পলাশ বড়ুয়া, এএসআই মো. সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে সড়কের বেরিকেড সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
চাঁদপুর মডেল থানার এসআই পলাশ বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। লাশের সুরুতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া কোন অটোবাইক দুর্ঘটনা ঘটিয়েছে সেজন্য তদন্ত চলছে।
উল্লেখ্য, নিহত মাজেদা বেগমের স্বামী প্রায় ৭/৮ বছর আগে হৃদক্রিয়া বন্ধ মারা যান। তার দুটি ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে। স্বামী না থাকায় অনেক সংগ্রাম করে ছেলে-মেয়েদের বড় করেছেন। দু’ছেলে দর্জি কাজ করে এবং মেয়েটি আগামিতে এসএসসি পরীক্ষা দিবে বলে জানা যায়।