মতলব বালিকা উবি’র সভাপতি নুরুল ইসলাম নুরু

মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম নুরু প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার বিকাল ৪টায় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান এবং পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন।
সভাপতি প্রার্থী হিসেবে মো. নুরুল ইসলাম নুরু প্রধানের নাম প্রস্তাব করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য চন্দন সাহা এবং সমর্থন করেন আরেক সদস্য মো. সফিক মল্লিক। সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে মো. নুরুল ইসলাম নুরু প্রধানকে সভাপতি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. জসিম উদ্দিন মিয়াজী মো. নাজমুল হক, মহিলা অভিভাবক সদস্য জেসমিন খানম, শিক্ষক প্রতিনিধি মো. নুরুজ্জামান, মো. মনির হোসেন ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি সালমা আক্তার।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. নুরুল ইসলাম নুরু সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া সব সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।