বেলচোঁ বাজারে আল-আরাফাহ ব্যাংক আউটলেটে চুরি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বেলচোঁ বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেটে (এজেন্ট ব্যাংক) ৫ লাখ ২৭ হাজার ৩৮৮ টাকা চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা ব্যাংকের পূর্ব পাশে একটি জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ভল্ট থাকা নগদ টাকা নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল), হাজীগঞ্জ থানা পুলিশ, পিবিআই, সিআইডি ও ডিএসবির কর্মকর্তারা।
শাখার অপারেশন ম্যানেজার মো. ইসমাঈল হোসেন রায়হান জানান, প্রতিদিনের মতো আজ (মঙ্গলবার) সকাল পৌনে ১০টায় আউটলেট কার্যালয়ের ভিতরে প্রবেশ করে দেখি জানালার গ্রীল কাটা ক্যাশ কাউন্টার ও ভল্টের কক্ষের তালা নেই এবং ভল্ট ভাঙ্গা ও ভিতরে কোনো টাকা নেই। তারপর প্রথমে ভবনের মালিকসহ ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে জানাই। পরবর্তীতে থানায় গিয়ে ওসিকে চুরির বিষয়টি জানাই।
তিনি বলেন, সোমবার আমিসহ ক্যাশিয়ার আকরাম হোসেন, মার্কেটিং অফিসার মোহাম্মদ আলীসহ ৩ জন দায়িত্ব পালন করি। এদিন বিকালে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিকাল ৫টা ৫০ মিনিটে কার্যক্রম বন্ধ করে ব্যাংক থেকে আমরা বের হই। যাওয়ার সময় নগদ ৫ লাখ ২৭ হাজার ৩৮৮ টাকা ভল্টে রেখে যাই। এ দিন দিবাগত রাতের কোন এক সময়ে চোরেরা জানালার গ্রীল কেটে ও ভল্ট ভেঙে রক্ষিত সব টাকা নিয়ে যায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, ব্যাংকের আউটলেটের এই শাখাটিতে নিজস্ব পাহারাদার বা কেøাজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ছিলো না। খবর পেয়ে এবং চুরির ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ পিবিআই, সিআইডি ও ডিএসবিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ব্যাংকে সদ্য যোগদানকৃত ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, এই আউটলেটে আজ (মঙ্গলবার) আমার প্রথম কর্মদিবস। দুর্ভাগ্যবশতঃ সকালে এসেই চুরির ঘটনাটি জানতে পারি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। পরবর্তীতে কর্তৃপক্ষের দিক-নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য ও আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি ফরিদগঞ্জের ফকির বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক থেকে ৬ লাখ চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশি তৎপরতায় চুরিকৃত ওই টাকা ব্যাংকের পিছনে গাছ ও লতাপাতার ঝোপঝাড় মধ্যে থাকা মাটির একটি গর্ত থেকে উদ্ধার করা হয়। জেলার বিভিন্ন স্থানে এজেন্ট ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় এজেন্ট স্বত্বাধিকারীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
২৩ জুন, ২০২১।