স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় ভাইরাল হওয়া আহত শিশু মাহিমার (২) ভবিষ্যৎ দায়িত্ব নিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি মা হারানো এ শিশুটির পড়ালেখাসহ ভবিষ্যতের সার্বিক বিষয়ে দায়িত্ব নিয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে গিয়ে আহত শিশুটির দায়িত্ব নেওয়ার কথা বলেন উপমন্ত্রী এনামুল হক শামীম। ওই হাসপাতালে দুর্ঘটনায় গুরুতর আহত ৭ জনের চিকিৎসা চলছে।
আহত শিশু মাহিমার বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানায়। সে ওই উপজেলার দক্ষিণ তিরাশিকান্দি গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ওই এলাকার এমপি। গত সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে আহত মাহিমা মা কাকলী বেগম (২০), কাকলীর মামাতো ভাই জাহাঙ্গীরের স্ত্রী আমাতুন বেগম (৪০) ও আমাতুন বেগমের মেয়ে মরিয়ম (৪)।
রেল দুর্ঘটনার পর শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময়ে তার কোনো স্বজন পাওয়া যাচ্ছিল না। পরিচয় খুঁজতে মাথায় ব্যান্ডেজ পেছানো রক্তাক্ত শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে মঙ্গলবার বিকেলে তার বাবা মাইনুদ্দিন শিশুটির পরিচয় ও তার স্ত্রী কাকলি আক্তারের লাশ শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন।
মাইনুদ্দিন জানান, রোববার সিলেটে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহ পরানের (রা.) মাজার জিয়ারত করতে যান তার স্ত্রী কাকলি আক্তার, মেয়ে মাহিমা আক্তার, মামা জাহাঙ্গীর আলম, মামী আমাতন বেগম ও মামাতো বোন মরিয়ম। সোমবার সিলেট থেকে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে চাঁদপুরের উদ্দেশে রওনা হন তারা। চাঁদপুর থেকে ট্রলারে করে তাদের শরীয়তপুরের সখিপুরে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় তার স্ত্রী, মামি ও মামাতো বোন মারা যান।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনায় আহত শিশুর দায়িত্ব নিলেন উপমন্ত্রী শামীম
