হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার (চাল) পেলেন ২০৮ কর্মহীন পরিবার। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও অস্বচ্ছল লোকদের মাঝে মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী। এ সময় ট্যাগ অফিসারের প্রতিনিধি হিসেবে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের মোরশেদ আলম উপস্থিত ছিলেন।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বড়কুল পশ্চিম ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী। তারই ধারাবাহিকতায় এ দিন দুপুরে ১০৮ জন কর্মহীন, অসহায় ও অস্বচ্ছল পরিবারর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
এর আগে একই দিন সকালে ১শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এভাবেই ধারাবাহিকভাবে ইউনিয়নের প্রত্যেক কর্মহীন লোকজনের মাঝে চাল বিতরণ করা হবে বলে জানান ইউপি সচিব। তাছাড়া ইউপি চেয়ারম্যান তার ব্যক্তিগত উদ্যোগেও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, চিনি, আলু ও সাবান) বিতরণ করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী বলেন, করোনা একটি বৈশ্বিক মহামারি। এ সময় কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত খাদ্য সামগ্রী সঠিক এবং ধারাবাহিকভাবে বন্টন করা হচ্ছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
১৫ এপ্রিল, ২০২০।
